পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত সদস্য, আহত গৃহকর্তা-পুত্র - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 02:38:29 am, Monday, 20 April 2026
- / 360 Time View

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতির ঘটনায় এক ডাকাত সদস্য গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে। নিহতের নাম দুলাল (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের নাজমুল হাসানের বাড়িতে ৮ থেকে ৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।
এ সময় ডাকাত দলের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা নাজমুল হাসানকে আঘাত করে। তাকে বাধা দিতে গেলে তার ছেলেও আহত হন।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা একজন ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আহত নাজমুল হাসানের ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

























