বরিশালে দাওয়াত খেতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাত নেতাকর্মী আটক
- প্রকাশের সময়: 04:31:32 am, Monday, 26 October 2026
- / 37 Time View
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাঁরা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন। তবে তাঁদের আটকের কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
আটক ব্যক্তিরা হলেন—সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সৈকত গুহ পিকলু বলেন, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রোববার সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন বলে তিনি অভিযোগ করেন। পরে তাঁরা পূজার অনুষ্ঠানে আসা ছয় অতিথিসহ তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন বলে দাবি করেন তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।
























