নারীকে মারধরের ভিডিও ভাইরাল, পিরোজপুরে ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 12:25:11 am, Tuesday, 24 February 2026
- / 456 Time View

নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্না–এর বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও চড়–থাপ্পড় দিচ্ছেন মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে আরিফুল ইসলাম মুন্না মারধরের ঘটনা স্বীকার করে দাবি করেন, ওই নারী তার স্ত্রী। তিনি বলেন, “নির্জন স্থানে কথা কাটাকাটির একপর্যায়ে আমি চড়–থাপ্পড় দিই।”
এদিকে নারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরিফুল ইসলাম মুন্নাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
ঘটনাটি স্থানীয় পর্যায়ে নিন্দার সৃষ্টি করেছে এবং দলীয় রাজনীতিতে শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্ন নতুন করে সামনে এনেছে।



























