
ভোলার মেঘনা নদীতে লাইটার জাহাজের বেপরোয়া চলাচলের কারণে আবারও নৌদুর্ঘটনা ঘটেছে। লাইটার জাহাজের সরাসরি ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গিয়ে তিন জেলে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজন জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জেলেরা হলেন—আল আমিন মাঝি (৪০), মো. মনির ও মো. তামিম। তারা সবাই ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলার খাল সংলগ্ন বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলার খাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আল আমিন মাঝির নেতৃত্বে তিন জেলে একটি ছোট নৌকায় করে মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় একটি লাইটার জাহাজ দ্রুতগতিতে এসে তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায়।
নৌকাডুবির পর জেলেরা নদীতে ছিটকে পড়েন। স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত আল আমিন মাঝিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মেঘনা নদীতে লাইটার জাহাজ ও বড় নৌযানের লাগামহীন ও দায়িত্বহীন চলাচলের কারণে প্রায়ই ছোট নৌযান দুর্ঘটনার শিকার হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে জেলেদের জীবন আজ চরম ঝুঁকির মুখে।
এ বিষয়ে ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন,“ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। আমরা খোঁজখবর নিচ্ছি।”
স্থানীয় জেলে ও সচেতন মহল অবিলম্বে ঘটনার তদন্ত, দায়ী লাইটার জাহাজ চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নদীপথে বড় জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন।