
বরিশাল নগরীতে নতুন মোবাইল ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রি এবং পরে ভুল তথ্য দিয়ে আরেকটি মোবাইল সরবরাহ করে প্রতারণার অভিযোগে এক মোবাইল দোকান মালিকের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) কোতোয়ালী মডেল থানায় অভিযোগটি দায়ের করেন নগরীর কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ইসরাত জাহান বন্যা (২৫)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ জুলাই রাতে নগরীর সদর রোডের কাকলীর মোড়ে অবস্থিত মোবাইল সেলস সেন্টার থেকে দোকান মালিক মো. সজিবের কাছ থেকে একটি রিয়েলমি ৭০ মোবাইল ফোন নতুন ও সিলবক্স হিসেবে কিনেন।
বাসায় গিয়ে ফোনটি চালু করার পর বিভিন্ন অ্যাপ আগেই ব্যবহৃত অবস্থায় দেখতে পেয়ে তার সন্দেহ হয়।
পরে ১৪ জুলাই সকালে বরিশালের ফাতেমা সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত রিয়েলমি কাস্টমার কেয়ারে ফোনটি পরীক্ষা করালে জানানো হয়, মোবাইলটি ১৬ জুন ২০২৬ তারিখ থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
এরপর তিনি দোকানে গেলে দোকান মালিক নিজের ভুল স্বীকার করে অতিরিক্ত ৩ হাজার ৫০০ টাকা নিয়ে একটি ইনফিনিক্স মোবাইল ফোন দেন। তবে অভিযোগ অনুযায়ী, বিক্রির সময় ফোনটির র্যাম ৬ জিবি বলা হলেও বাসায় গিয়ে দেখা যায় সেটি ৪ জিবি।
এ বিষয়ে পুনরায় দোকানে গেলে দোকান মালিক তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কোনো সন্তোষজনক সমাধান দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর আশপাশের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল ব্যবসার আড়ালে সন্দেহজনক উৎস থেকে মোবাইল সংগ্রহ করে নতুন হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে। তবে বিষয়টির সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করার জন্য তিনি পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।
অভিযোগে প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান, আর্থিক ক্ষতিসাধন ও দুর্ব্যবহারের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দোকানের বিক্রয় রেকর্ড, মোবাইলগুলোর আইএমইআই নম্বর এবং বৈধ উৎস তদন্তেরও দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক মো. সজিবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার আশুতোষ অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Reporter Name 

















