বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার ‘সিএমএস মুগ ডাল কারখানা’র একটি কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় কারখানার ভেতরের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুর্জয় শাহ পিরোজপুর জেলার ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি প্রায় এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কারখানার সহকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে কাজের ফাঁকে দুর্জয় নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পাওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে তাকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাউনিয়া থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।