
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম আজিম চৌকিদার (৩৫)।
ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, শনিবার গভীর রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর মেয়ের জামাতা ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন। বাধা দিলে তাঁকে মারধরও করা হয়।
অভিযুক্তের স্ত্রী রেক্সোনা বেগম দাবি করেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে তাকেও জোরপূর্বক ধর্ষণের পর স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়। এছাড়া তাঁর আগের সংসারের আট বছরের কন্যাসন্তানকেও বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযুক্তের মা নাজমা বেগমও ছেলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, তাঁর ছেলে মাদকাসক্ত এবং অতীতেও একটি ধর্ষণ মামলায় কারাভোগ করেছে। তিনি ছেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ওসিসিতে পাঠানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।