বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে তিন মাসেরও বেশি সময় ধরে প্রায় ৮০০টি প্রস্তুত পাসপোর্ট পড়ে রয়েছে। নির্ধারিত সময়ে গ্রাহকরা পাসপোর্ট সংগ্রহ না করায় বিপাকে পড়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার বলেন, ৮০০-এর বেশি পাসপোর্ট দীর্ঘদিন ধরে অফিসে পড়ে আছে। এসব পাসপোর্ট প্রস্তুত করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকরা তা সংগ্রহ করতে আসেননি।
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বরিশাল জেলার ১০ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত গ্রাহকদের কাছে বিষয়টি পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং তারা পাসপোর্ট সংগ্রহ করবেন।
তবে কোন উপজেলার কতজন গ্রাহকের পাসপোর্ট অফিসে পড়ে রয়েছে—এ সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করতে রাজি হননি উপ-পরিচালক রোজী খন্দকার।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, আইনশৃঙ্খলা সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে গ্রাহকরা তাদের প্রস্তুত পাসপোর্ট সংগ্রহ করতে পারেন।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, প্রস্তুত পাসপোর্ট দীর্ঘদিন অফিসে পড়ে থাকলে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হয়। তাই যাদের পাসপোর্ট প্রস্তুত হয়েছে, তাদের দ্রুত অফিস থেকে পাসপোর্ট সংগ্রহের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।