
বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন লিটন বেপারী জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন ব্যক্তি এসে কৌশলে তাকে দোকান থেকে তুলে নিয়ে যান এবং নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান।
তার দাবি, হামলাকারীরা তাকে উদ্দেশ্য করে বলেন, “আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে অবস্থান করছেন”—এমন কথা বলে তাকে মারধর করা হয়।
এদিকে হামলার ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তা। তিনি বলেন, “এ ঘটনায় ছাত্রদল বা যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নন। কারা হামলা করেছে তা আমাদের জানা নেই। ব্যক্তিগত কোনো বিরোধের জেরেও এ ঘটনা ঘটতে পারে।”
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।