
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার অভিযানে ২৫ কেজি উচ্চ বিদ্যুৎ পরিবাহী রৌপ্য ধাতুর তৈরি বৈদ্যুতিক তারসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বিসিসি ২২ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া নজরুল সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।
বিএমপি গোয়েন্দা শাখা সূত্র জানায়, পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসান, এসআই মো. রাকিব হোসাইন, এএসআই শাহাবুদ্দিন খানসহ কনস্টেবল মো. সাইফুল ইসলাম, আকিদুর রহমান, মো. জাহাঙ্গীর, মো. মোজাম্মেল হক ও মো. সুজন মুন্সির সমন্বয়ে গঠিত একটি চৌকশটিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ২৫ কেজি উচ্চ বিদ্যুৎ পরিবাহী রৌপ্য ধাতুর তৈরি বৈদ্যুতিক তারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় দুই যুবককে আটক করা হয়।
আটকরা হলেন— বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেনের পুত্র মো. ফজলে রাব্বি (২৫) এবং বরগুনা জেলার আমতলী থানার সেকান্দার হাওলাদারের পুত্র মো. স্বপন হাওলাদার (৩৭)।
পুলিশ জানিয়েছে, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।