
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে মাদক, চোরাইকৃত অটোরিকশা উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) নগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন, অন্যান্য আইনে ১ জন, নিয়মিত মামলায় ৯ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানে মোট ৩০ জন অভিযুক্তকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।