
বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অফিসে ঢুকে তাকে শারীরিকভাবে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দুটি চেক ও দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাফিজ রহমান লিটু নগরীর কাটপট্টি রোড এলাকার বাসিন্দা। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পিন্টুর আপন ভাই বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক ও দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনার পর অভিযুক্ত মোস্তাফিজ রহমান লিটুকে যুবদলের নেতা বা কর্মী হিসেবে পরিচয় দেওয়ার প্রতিবাদে রবিবার (৫ জুলাই) বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুবদলের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, মোস্তাফিজ রহমান লিটু যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনো রাজনৈতিক সংগঠনের ওপর চাপানো উচিত নয় বলেও তারা মন্তব্য করেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।