বরিশালের হিজলা উপজেলা-য় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।
সোমবার (২৫ মে) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন উপজেলার ধূলখোলা ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল ইসলাম জমাদ্দার (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (৮) এবং একই এলাকার মো. হারুন বিশ্বাস (৪৫)।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধূলখোলা খেয়াঘাটের উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে পৌঁছানোর পর হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
তিনি জানান, নৌকায় থাকা আটজন যাত্রীর মধ্যে পাঁচজন পাশ দিয়ে যাওয়া একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে নুরুল ইসলাম, তার ছেলে ইব্রাহিম এবং হারুন বিশ্বাস নিখোঁজ হন।
নিখোঁজদের উদ্ধারে স্থানীয়রা নদীতে জাল ফেলে অনুসন্ধান চালাচ্ছেন। পাশাপাশি নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সুজন জানান, মঙ্গলবার সকালে বরিশাল সদর স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেবে।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।