নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ-এর সেন্ট্রাল মসজিদের সামনের পুকুর থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলা-র চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০) এবং চরফ্যাশন উপজেলা-র মো. বেল্লালের ছেলে আকাশ (১০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আকাশ তার পরিবারের সঙ্গে বরিশাল নগরীর বান্দরোড এলাকার চরের বাড়ি এলাকায় বসবাস করত। মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে তার মরদেহ উদ্ধারের খবর জানতে পারে পরিবার।
অন্যদিকে নিহত আরাফাত মল্লিক বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার সে বরিশালে তার মামা সুরুজের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে সেও বাসা থেকে বের হয়। পরে স্বজনরা খোঁজখবর নিয়ে জানতে পারেন, দুপুরে তারা দুজন একসঙ্গে মেডিকেল কলেজের পুকুরে গোসল করতে গিয়েছিল।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।