নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বরিশাল নগরীতে মো. জসীম সিকদার বাবু নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সিয়াম ও শহীদ নামে দুইজনকে আটক করেছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর পলাশপুর ৭ নম্বর এলাকায় মধু মিয়ার নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর হামলা চালায়। হামলাকারীরা রহিম সরদারের বাড়ির সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জসীম সিকদার বাবু ওই এলাকার কালাম সিকদারের ছেলে। তিনি বরিশালের পোর্ট রোড এলাকায় মাছের ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী নিশি আক্তার জানান, তার স্বামী কিছুদিন আগে মধু মিয়াকে ১ লাখ ১১ হাজার টাকা ধার দিয়েছিলেন। বারবার টাকা ফেরত চাইলে মধু মিয়া নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মধু মিয়া, সিয়াম ও শহীদ টাকা ফেরত দেওয়ার কথা বলে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৩টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, তার স্বামীকে কুপিয়ে আহত করা হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি স্বামীর মরদেহ দেখতে পান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পবিত্র কুমার হালদার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।