নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাটপট্টি রোড এলাকায় অসাধু ব্যবসা, অবৈধ দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। অভিযানে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বরিশাল সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিসিসি সূত্র জানায়, অভিযানে কাটপট্টি এলাকার জনপ্রিয় ঘোরোয়া রেস্তোরাঁ ও হোটেলকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।
এ ছাড়া জনসাধারণের চলাচলের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে বিসিসির আভিযানিক দল।
একই অভিযানে বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে সিটি করপোরেশন আইনের ৯২(৩) ধারায় জরিমানা করা হয়।
বিসিসি জানায়, অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় যেসব ব্যবসায়ী এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদের দ্রুত লাইসেন্স নবায়নের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরবাসীর চলাচলের পথ দখলমুক্ত রাখা, ব্যবসায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য পরিবেশনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিসিসির এ ধরনের অভিযান নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকায় আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
https://slotbet.online/