নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগজুড়ে এ বছর তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে দাম তুলনামূলক কম থাকায় কৃষকদের মধ্যে লাভ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। উৎপাদন বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ বেশি, ফলে দাম কিছুটা চাপের মুখে পড়েছে।
সরেজমিনে বরিশাল নগরীর পোর্ট রোডের সাততলা ঘাট ও বালুর ঘাট এলাকায় দেখা গেছে, ভোলা, পটুয়াখালী ও বরগুনা থেকে ট্রলারভর্তি তরমুজ এসে পৌঁছাচ্ছে। এসব তরমুজ আড়ত থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
কৃষক বারেক ভুঁইয়া জানান, কয়েক একর জমিতে তরমুজ চাষে বিপুল খরচ হলেও ফলন ভালো হয়েছে। তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় লাভ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। একইভাবে কৃষক সবুজ মিয়া ও সুরুজ আলীও ভালো ফলনের কথা জানালেও বাজারদর নিয়ে অনিশ্চয়তার কথা বলেন।
বর্তমানে খুচরা বাজারে আকারভেদে প্রতিটি তরমুজ ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আড়তে প্রতি ১০০টি তরমুজ ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ময়মনসিংহের ব্যবসায়ী শহীদুল বলেন, বরিশালের তরমুজ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এবং উৎপাদন নিয়ে ব্যবসায়ীরাও সন্তুষ্ট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত পাঁচ বছরে দক্ষিণাঞ্চলে তরমুজের আবাদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২৫-২৬ মৌসুমে প্রায় ৭০ হাজার হেক্টরের বেশি জমিতে তরমুজ চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ১১২ শতাংশের বেশি।
অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মাদ নজরুল ইসলাম সিকদার বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক সরাসরি বাজারে যেতে না পারলেও পাইকারদের প্রতিযোগিতার ফলে কিছুটা ভালো দাম পাচ্ছেন।
অন্যদিকে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলে প্রায় ২০ লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।