বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণের রায় উপেক্ষা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সরকার জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিলেও গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় বরিশাল নগরীর টাউনহল চত্বরে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এটি কোনো দয়া-দাক্ষিণ্য নয়, বরং জনগণের সুস্পষ্ট রায়। তাই অবিলম্বে এই রায় বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে মানুষের আত্মত্যাগ শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, বরং রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের লক্ষ্যে ছিল।
অ্যাডভোকেট হেলাল সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আর কোনো সংঘাত বা রক্তক্ষয় নয়, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করা হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুল জব্বার, লেবার পার্টি মহানগর সভাপতি এসএম সোহেল মাহমুদ, এবি পার্টির মহানগর সমন্বয়ক জিএম রাব্বি, এনসিপি বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা এবং এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম কনকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর মজলিসে শুরার সদস্য আনোয়ার হোসাইন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টাউনহল চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।