
১০ ও ১১ এপ্রিল দুই দিনব্যাপী এই আয়োজন কুয়াকাটা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ করা পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা প্রদান। প্রথমবারের মতো এমন উদ্যোগে সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রবীণ সাংবাদিকরা।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় কুয়াকাটা সমুদ্র সৈকতের হোটেল রয়েল হেরিটেজ-এ অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ২০২৫। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন এসএম জাকির হোসেন।
উন্মুক্ত আলোচনা শেষে বরিশালে সাংবাদিকতায় অর্ধশতক পূর্ণ করা পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন—অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অরূপ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, তপংকর চক্রবর্তী এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন চক্রবর্তী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সভাপতি কাজী আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, নির্বাহী সদস্য কমলসেন গুপ্ত, সিনিয়র সদস্য আখতার ফারুক শাহীন ও ক্রীড়া সম্পাদক খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জীবনের শেষ প্রান্তে এসে এমন সম্মাননা পেয়ে প্রবীণ সাংবাদিকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। আয়োজকরা ভবিষ্যতেও জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মাননা প্রদানের এই ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।
সাধারণ সভা শেষে রাতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং হাউজি খেলা। অংশগ্রহণকারী সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এছাড়াও হাসি-ঠাট্টা এবং গল্প আড্ডায় মেতে ওঠেন সাংবাদিকরা।