নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি সমর্থিত প্যানেল। নির্বাচনের প্রায় সব গুরুত্বপূর্ণ পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তারা।
শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।
নির্বাচন উপ-পরিষদ ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের মো. আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত সাদা প্যানেলের মো. গালাউদ্দিন মাসুম পেয়েছেন ৩০৪ ভোট।
সহসভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে প্রথম এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ ইমরান কবির মাসুদ পেয়েছেন ৩৩৬ ভোট এবং জামায়াত সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ২৮৫ ভোট।
অর্থ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন পেয়েছেন ৩৬১ ভোট।
যুগ্ম সম্পাদক পদে দুটি স্থানে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে প্রথম এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
নির্বাহী সদস্যের চারটি পদে নির্বাচিত হয়েছেন—৬৭৫ ভোট পেয়ে মো. হারুন অর রশিদ, ৫১৫ ভোট পেয়ে গোলাম মোর্তজা তপু, ৪৪৯ ভোট পেয়ে পারভেজ বেপারী এবং ৪০৬ ভোট পেয়ে মো. সাইফুল আলম।
নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক এস এম সাদিকুর রহমান লিংকন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৯৭৩ জন ভোটারের মধ্যে ৬৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
তবে এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও বামপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেননি। এমনকি ভোটগ্রহণের দিন তাদের উপস্থিতিও কেন্দ্রগুলোতে দেখা যায়নি। আওয়ামীপন্থি আইনজীবীদের অভিযোগ, তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এ বিষয়ে নির্বাচন উপ-পরিষদ ও বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন আওয়ামীপন্থি তিন আইনজীবী।