
বরিশালের ঐতিহ্যবাহী বেলপার্ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের মাত্র ১০ দিনের মাথায় আবারও দখলদাররা ফিরে এসেছে। শুধু ফিরে আসাই নয়, এবার পার্কের ভেতরের খেলার মাঠ ও ওয়াকওয়েসহ প্রবেশপথগুলোতেও ভ্যানগাড়ী আর পথখাবারের দোকান বসতে শুরু করেছে। এতে সান্ধ্যকালীন ভ্রমণকারীদের শান্তি-সুখের জায়গা ‘নগরীর অক্সিজেন কারখানা’ খ্যাত বেলপার্ক আবারও মুখ ফিরিয়ে নিতে বাধ্য করছে নগরবাসীকে।
গত ১৩ সেপ্টেম্বর নগর প্রশাসকের নির্দেশে বরিশাল সিটি করপোরেশন রাতভর অভিযান চালিয়ে বেলপার্ক ও আশপাশের সড়ক থেকে সব অবৈধ দোকান উচ্ছেদ করে। এ পদক্ষেপকে নগরবাসী স্বাগত জানালেও পরদিনই উচ্ছেদকৃত দোকান মালিকরা প্রশাসকের বাসভবন ঘেরাও করে ফের দোকান বসানোর দাবি তোলে। প্রথমে অনড় অবস্থান নিলেও পরে নগর প্রশাসক বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান বসানোর সাময়িক অনুমতি দেন।
কিন্তু সেই অনুমতির তোয়াক্কা না করে এখন আবার চারপাশে অবাধে দোকান বসেছে। ভ্যানগাড়ী নিয়েও পার্কের ভেতরে খাবার বিক্রি চলছে। এতে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়ে পার্কটির স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়েছে।
পরিবেশবিদরা বলছেন, এসব দোকান থেকে উৎপন্ন বর্জ্যে পার্কের লেক দূষিত হচ্ছে। এমনকি গরম পানির কারণে একসময় শতবর্ষী রেইনট্রি গাছও মারা গেছে।
নগরবাসীর দাবি, জীবন-জীবিকার অজুহাতে বারবার দখলদারদের বৈধতা দিতে গিয়ে নগরীর একমাত্র প্রকৃতিক সৌন্দর্যের নিদর্শন বেলপার্ক ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে।