উচ্ছেদের কয়েক দিনের মধ্যেই বেলস পার্কে ফের দখলে - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 02:47:09 am, Sunday, 25 October 2026
- / 24 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: উচ্ছেদ অভিযানের কয়েক দিনের ব্যবধানেই আবারও দখল হতে শুরু করেছে বরিশাল নগরীর বেলস পার্ক। ওয়াকওয়ে ও মাঠের ভেতরে বিভিন্ন ধরনের খাবার ও পণ্যের পসরা নিয়ে বসছেন হকাররা। অন্যদিকে নবগ্রাম রোড-চৌমহনী লেকের বিভিন্ন পাড়েও দখল বিস্তারের অভিযোগ উঠেছে।
নগরীর ‘প্রাকৃতিক অক্সিজেন কারখানা’ হিসেবে পরিচিত বেলস পার্কের ভেতর থেকে গত সপ্তাহেই নগর প্রশাসকের কঠোর নির্দেশনার পর দোকানপাট উচ্ছেদ করা হয়। তবে কয়েক দিনের মধ্যেই পার্কটির ওয়াকওয়ে ও মাঠের অভ্যন্তরে আবারও হকারদের উপস্থিতি দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পার্কটির দুটি প্রবেশদ্বারে টেকসই গেট রয়েছে। পাশাপাশি নগর ভবনের সাতজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছেন। শনিবার এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তারক্ষীরা জানান, অবৈধ হকাররা সংঘবদ্ধভাবে অনেকটা জোর করে পার্কে প্রবেশ করছেন। তাঁদের প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত আরআই লকিতুল্লাহ জানান, কর্তৃপক্ষের সহায়তায় অবৈধ হকারদের উচ্ছেদে আবারও অভিযান চালানো হবে।
অন্যদিকে নগরীর নবগ্রাম রোড-চৌমহনী লেকের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পাড়ের পর পূর্ব পাড়েও দখল বিস্তারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি লেকের বিভিন্ন অংশে অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছেন। সেখানে বিদ্যুৎসহ বিভিন্ন সুবিধা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিষয়টি জানা থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগের বিষয়ে ওজোপাডিকোর বক্তব্য পাওয়া যায়নি।
সিটি করপোরেশনের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নগরবাসীর স্বাচ্ছন্দ্য বিঘ্নিত করে—এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে শিগগিরই আবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হতে পারে। এ লক্ষ্যে সাঁড়াশি অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নগর প্রশাসকও এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন বলে নগর ভবন সূত্রে জানা গেছে।
বেলস পার্ক ও নবগ্রাম রোড-চৌমহনী লেকের পরিবেশ ও জনসাধারণের ব্যবহার উপযোগিতা রক্ষায় নিয়মিত নজরদারি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
























