বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, অভিযোগ দায়ের
- প্রকাশের সময়: 08:46:53 pm, Monday, 19 October 2026
- / 72 Time View

সংবাদ প্রকাশের জের ধরে কিরগিজস্তানে অধ্যয়নরত এক শিক্ষার্থীর বিরুদ্ধে বরিশালের সাংবাদিক রূপন কর অজিতকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বরিশাল নগরীর কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগে অভিযুক্ত হিসেবে ইমতিয়াজ আহমেদ (২২) নামের ওই শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি ময়মনসিংহের সদর উপজেলার মো. এমদাদুল হকের ছেলে এবং বর্তমানে কিরগিজস্তানে পড়াশোনা করছেন। অভিযোগে ইমতিয়াজের ভাই আহমেদসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর কিরগিজস্তানে অধ্যয়নরত ইমতিয়াজ আহমেদকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে বিদেশ থেকে বিভিন্ন সময়ে ফোন করে ওই সাংবাদিককে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে রূপন কর অজিতকে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। বিষয়টি ইমতিয়াজের বাবা মো. এমদাদুল হককে জানালে তিনি ছেলের বিষয়ে আশ্বাস দেন।
তবে এর কিছুদিন পর, গত ১৫ অক্টোবর ভোররাতে আবারও ফোন করে ইমতিয়াজ অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়বার বিষয়টি তাঁর বাবাকে জানানো হলে তিনি তা গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেন বলেও অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রূপন কর অজিত। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে সাংবাদিক রুপন কর অজিতকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন।























