বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- প্রকাশের সময়: 03:20:58 pm, Monday, 31 August 2026
- / 457 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর রানার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুলাদী পৌরসভার তেরচর (রানার বাড়ি) এলাকার মো. পারভেজ রাঢ়ী (৩৩) এবং একই পৌরসভার মোল্লার বাজার এলাকার মো. আজিজুল হাকিম (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেরচর রানার বাড়ি এলাকায় জনৈক নাসির উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া পারভেজ রাঢ়ীর ভাড়াকৃত কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ছোট পার্সের ভেতর জিপারযুক্ত চারটি স্বচ্ছ পলিপ্যাকে রাখা ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট চার প্যাকেটে ৮০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ৮০ গ্রাম বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযান শেষে পারভেজ রাঢ়ী ও আজিজুল হাকিমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

























