বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে নদীপথে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের আটহাজার গ্রামের ভারানী (বাইপাস) খালের উত্তর পাশে আড়িয়াল খাঁ নদীর মুখ এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের আটক করে বরিশাল সদর নৌ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—হিজলার বড় জালিয়া ইউনিয়নের উত্তর বাউশিয়া গ্রামের মৃত বেলাল চৌকিদারের ছেলে মো. ইমাম হোসেন চৌকিদার ওরফে ইমরান (২৫), মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বামের চর গ্রামের মো. লালমিয়া প্যাদার ছেলে মো. মাসুদ প্যাদা ওরফে হানিফ প্যাদা (৩৬) এবং পটুয়াখালীর মহিপুরের নিজামপুর এলাকার মো. নিজাম হাওলাদারের ছেলে মো. সাগর হাওলাদার (২৮)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, নদীপথে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শুরু করে।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে আটক ব্যক্তিরা ঠিক কী উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগের বিষয়ে তদন্তে আরও কী তথ্য পাওয়া গেছে, তা পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।
https://slotbet.online/