বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জহিরুল শিকদার উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরুল শিকদারের সঙ্গে একই গ্রামের সিন্টু শিকদার, সান্ত শিকদার, জুয়েল শিকদার ও জাহাঙ্গীর শিকদারসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার সকাল প্রায় ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।:::