বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে জোহরের নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আন্দারমানিক গ্রামের গোলেরহাট মসজিদে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল সরদার (৩৫) আন্দারমানিক গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং প্রায় দুই মাস আগে দেশে ফেরেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার (৫০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। দেশে ফেরার পর নজরুল সরদার ওই বিরোধ মীমাংসার চেষ্টা করলেও পারিবারিক দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে।
রবিবার জোহরের নামাজের সময় গোলেরহাট মসজিদে নামাজ আদায় করছিলেন নজরুল। অভিযোগ রয়েছে, এ সময় বড় ভাই হারুন সরদার ধারালো অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে সেজদারত অবস্থায় তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন নজরুল।
মসজিদে থাকা মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার আকস্মিকতায় মসজিদে উপস্থিত মুসল্লিরা হতভম্ব হয়ে পড়েন। অনেকেই জানান, হামলাটি এত দ্রুত ঘটে যে অভিযুক্তকে আটকানোর সুযোগ পাননি তারা।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত হারুন সরদার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।