বরিশালে চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- প্রকাশের সময়: 12:44:57 pm, Sunday, 14 June 2026
- / 188 Time View

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত সাইদুল ইসলাম সজীব হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামি মো. মিলন খানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৩ জুন) ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮, বরিশাল এবং র্যাব-১০, যাত্রাবাড়ীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত মিলন খান বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ মার্চ সকালে লোচনাবাদ গ্রামে ভিকটিম আবুল হোসেন খান (৫৮) ও তার ছেলে সাইদুল ইসলাম সজীবের (২৬) ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মিলন খানসহ একদল ব্যক্তি লোহার শাবল, রড, ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সাইদুল ইসলাম সজীবের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই প্রধান আসামি মিলন খান আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে

























