নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তি না মেলায় কারাগারের ভেতরেই বাবার লাশের শেষ দেখা পান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. শাহরুখ খান।
গত শুক্রবার রাতে বরিশাল মহানগরের নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার-এ বন্দি ছিলেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা আবুল বাশার খান (৫৮) মারা যান। তিনি পেশায় বটতলা টেম্পোস্ট্যান্ডে লাইনম্যান ছিলেন।
পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও তা অনুমোদন না হওয়ায় শেষ পর্যন্ত লাশই কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে কারাগার প্রাঙ্গণে মাত্র কয়েক মিনিটের জন্য তাকে বাবার লাশ দেখার সুযোগ দেওয়া হয়।
শাহরুখের ভাই অভিযোগ করে বলেন, জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করা হলেও দীর্ঘ সময় অপেক্ষার পর সিদ্ধান্ত পরিবর্তন করে কারাগারেই দেখা করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্যারোল আবেদন সংশ্লিষ্ট সিদ্ধান্ত জেলা প্রশাসকের মাধ্যমে নেওয়া হয় এবং পরে জেলগেটে সাক্ষাতের নির্দেশ দেওয়া হয়।
পরিবারের সদস্যরা এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। বাবার প্রথম জানাজা নগরের নিউ সার্কুলার রোড এলাকায় অনুষ্ঠিত হয় এবং পরে দাফন সম্পন্ন হয় সদর উপজেলার পারিবারিক কবরস্থানে।