উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত হলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাবলিক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।