নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেট থেকে টাকা চুরির অভিযোগে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতাকে স্থানীয়রা আটক করেছেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়ন-এর চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে। আটক খোকন হাওলাদার ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাজারে মাছ বিক্রেতা অনিল মণ্ডলের পকেট থেকে কৌশলে টাকা নেওয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে মারধর করে স্থানীয়ভাবে আটকে রাখা হয়।
পরবর্তীতে অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি থানায় জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।