ছাব্বির হোসেন : ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন কমছে না। রোববার (১৯ এপ্রিল) সকাল থেকেই তেল নিতে নগরীর বিভিন্ন পাম্পে ভিড় করছেন চালকরা।
সরেজমিনে দেখা যায়, হাতে গোনা কয়েকটি পাম্পেই জ্বালানি সরবরাহ থাকায় সেখানে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। মোটরসাইকেলে ৩০০ টাকা, মাহিন্দ্রায় ৫০০ টাকা এবং প্রাইভেটকারে ১,০০০ টাকার সীমা নির্ধারণ করে তেল দেওয়া হচ্ছে।
সম্প্রতি জ্বালানি তেলের দামে হঠাৎ বৃদ্ধি পেয়েছে—অকটেন লিটারে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং ডিজেলে ১৫ টাকা পর্যন্ত। এতে বাড়তি ভোগান্তিতে পড়েছেন চালকরা।
যানবাহন চালকদের অভিযোগ, দাম বাড়লেও লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। হঠাৎ মূল্যবৃদ্ধিতে তাদের খরচ বেড়ে গেছে, কিন্তু সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি।
বর্তমানে বরিশালের পেট্রোল পাম্পগুলোতে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।