নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।
অভিযান চলাকালে বাজার তদারকির সময় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স বাদল এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং মেসার্স সিকদার ট্রেডার্সকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল জানান, সাধারণ মানুষকে জিম্মি করে অধিক মুনাফা লুটে নেওয়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।