নিজস্ব প্রতিবেদক: বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, মারা যাওয়া শিশুটির নাম আয়েশা (দেড় বছর)। সে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মো. সোহেলের মেয়ে। গত ১১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি আরও জানান, এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মোট ১৫ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গে আক্রান্ত ১২৯ জন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩৩১ জনের ক্ষেত্রে উপসর্গ নিশ্চিত করা হয়েছে এবং ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এদিকে চিকিৎসা শেষে এখন পর্যন্ত ১ হাজার ৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।