নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে দুশমী-করিম বাজার খালের ওপর নির্মাণাধীন একটি ব্রিজে এ অনিয়মের অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থের ব্রিজটি ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। তবে নির্মাণকাজে সরকারি নীতিমালা অনুসরণ না করে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। তারা জানান, ঢালাইয়ের সময় বাধা দেওয়া হলেও শেষ পর্যন্ত ব্রিজের একাংশে বাঁশের কঞ্চি ব্যবহার করে কাজ সম্পন্ন করা হয়।
ব্রিজটি ব্যবহারকারী স্থানীয় বাসিন্দা মো. হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা অভিযোগ করেন, “ব্রিজটি প্রকৃত দৈর্ঘ্যের চেয়ে কম ঢালাই করা হয়েছে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে দুই দফায় প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও স্থানীয়দের কাছ থেকেও অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। গ্রামবাসীর দাবি, প্রায় ৮৫ হাজার টাকা চাঁদা হিসেবে উত্তোলন করে তা আত্মসাৎ করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট ইউপি সদস্য সোহেল মোল্লা বলেন, “বাঁশ ব্যবহার করা হয়েছে ব্রিজের মূল অংশের বাইরে। আর এটি স্থানীয় কিছু লোকজন করেছে, আমরা না।”
এ বিষয়ে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সর্দার জানান, বরাদ্দের অর্থ যথেষ্ট ছিল এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “নিম্নমানের নির্মাণের বিষয়টি জেনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।