নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা-এ গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নারী সুমা বেগম (২৪)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী সুমন মাঝির স্ত্রী এবং ওমর ফারুখ সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭–৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ৫–৬ মাস ধরে পারিবারিক কলহের কারণে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
মঙ্গলবার সকালে বাবার বাড়ি থেকেই সুমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মেহেন্দীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে এসআই আজাদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।