মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর মেলকাই এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর যাত্রা শুরু করে।
অসাবধানতাবশত তেল নেওয়ার জায়গার ক্লিপ খোলা থাকায় পাথুরিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।
হঠাৎ আগুন লাগায় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে লাফিয়ে নামতে থাকেন। এসময় এক যুবক চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, “গাড়ি থামার আগেই যাত্রীরা লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে মারা যান।”
মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।