নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টনকে জড়িয়ে বানোয়াট অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে একই দলের প্রতিদ্বন্দ্বী নেতা তারিক সুলাইমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন মিল্টন।
ভুক্তভোগী রিয়াজ খান মিল্টন দাবি করেন, তারিক সুলাইমান নিজের ছেলেকে অপহরণের নাটক সাজিয়ে ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছেন। তিনি বলেন, “ঘটনাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও বানোয়াট। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।”
তিনি আরও জানান, তারিক সুলাইমানের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেই বিরোধের জের ধরেই তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মিল্টনের দাবি, তারিকের ছেলে সুনানের বিরুদ্ধেই একটি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে মিল্টন বলেন, গত ৬ এপ্রিল সুনানের সঙ্গে তার দেখা হয়। এ সময় তিনি তার ছেলেকে একটি মামলায় জড়ানোর বিষয়ে জানতে চাইলে সুনান জানান, এতে মিল্টনের ছেলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিস্তারিত তার বাবা বলতে পারবেন। পরে সুনান সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর সুনানের চাচা খালিদ সাইফুল্লাহ এসে সুনানের খোঁজ জানতে চান। একই সময়ে এক পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়ে একই প্রশ্ন করলে মিল্টন জানান, সুনান ওই দিকেই চলে গেছে। পরে সুনানের মা ফোনে নিশ্চিত করেন যে, তার ছেলে বাসায় ফিরে গেছে।
মিল্টন অভিযোগ করেন, “এর দুদিন পর বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় যে, আমি নাকি সুনানকে অপহরণ করেছি এবং পুলিশ তাকে উদ্ধার করেছে—যা সম্পূর্ণ মিথ্যা।”
এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল আহসান জানান, “ওইদিন থানায় একটি অপহরণের অভিযোগ আসে। ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে আমরা মিল্টন ও সুনানের মাকে পাই। সুনানের মা আমাদের জানান, তার ছেলে বাসায় চলে গেছে এবং কোনো অপহরণের ঘটনা ঘটেনি। পরে বিষয়টি নিশ্চিত হয়ে আমরা সেখান থেকে চলে আসি।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।