নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর ভাটারখাল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বান্দরোডের এলএসডি ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বস্তির বাসিন্দা নূর ইসলাম কালু, জাপান বেপারি ও ইউনুস খান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নূর ইসলাম কালুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বস্তির প্রায় ২০০টি ঘর ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়।
বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে পুরো বস্তিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।