মুলাদী, প্রতিনিধি: বরিশালের মুলাদীতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাচ্চু খানকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চরকালেখান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার বাচ্চু খান চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের আমির হোসেন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দুপুরে মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় জয়ন্তী নদীতে ট্রলারযোগে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর বাড়িতে হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিন-এর নেতৃত্বে ঘটনাস্থল থেকে বাচ্চু খানকে আটক করে।
আটকের পর পুলিশ ট্রলারে করে তাকে থানায় নেওয়ার সময় নদীর মাঝখানে পৌঁছালে চারটি ট্রলারে করে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ট্রলার ঘিরে ফেলে। পরে তারা হ্যান্ডকাফসহ বাচ্চু খানকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ছালাম মুন্সীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে বাচ্চু খানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আরাফাত জাহান চৌধুরী, ওসি, মুলাদী থানা জানান, আসামি ছিনিয়ে নেওয়ার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান শুরু করা হয়। রাতেই তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।