নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের প্রবাসী ছাইদুল হাওলাদারের সন্তান। তাদের বাবা সৌদি আরবে অবস্থান করায় মা সন্তানদের নিয়ে নানার বাড়িতে থাকতেন।
নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, দুপুরে খাবার খাওয়ার পর শিশু দুটি ঘরের বাইরে খেলতে যায়। কিছু সময় পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে ছাফিয়ার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছাহাদকেও পানির নিচে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।