ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদেশি পিস্তল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 03:30:55 am, Tuesday, 24 March 2026
- / 259 Time View

ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে পুকুরে মাছ ধরতে গিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড় এলাকার একটি মসজিদের পরিত্যক্ত পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুকুরে মাছ ধরার জন্য পাম্প দিয়ে পানি কমানো হচ্ছিল। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী দিনমজুর মো. জসিম উদ্দীন মাছ ধরতে পুকুরে নামেন। মাছ খোঁজার একপর্যায়ে তার হাতে একটি শপিং ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলে ভেতরে একটি পিস্তল দেখতে পান তিনি।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে।
ভোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা অস্ত্রটি পুকুরে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

























