মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় রবিবার (২২ মার্চ) বিকেলে পুলিশের উপস্থিত থাকা সত্ত্বেও এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত খোরশেদ সিকদার (৬৫) চরহোগলা পৌর এলাকায় এই ঘটনায় গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বিকেলে একটি শালিশ বসে। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে থাকা তিন পুলিশ সদস্য হামলা থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, গুরুতর আহত খোরশেদ সিকদার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেহেন্দিগঞ্জ থানার এসআই বশির আহমেদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
অপরদিকে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ৫০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর হাওলাদারের পরিবার ও খোরশেদ সিকদারের পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
https://slotbet.online/