বরিশাল প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় শিশু রাইসা আক্তার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং নিহত রাইসার বাবা নজরুল ইসলাম হাওলাদারসহ স্থানীয়রা। বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে এবং প্রকৃত আসামিদের গ্রেফতারে বিলম্ব হচ্ছে।
বক্তারা বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৫ মার্চ দুপুরে বাড়ি ফেরার পথে কিশোরী রাইসা আক্তারের পথরোধ করে এক কিশোর গ্যাং সদস্য। এ সময় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে দাবি করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতরা দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।
নিহতের পিতা নজরুল ইসলাম হাওলাদার বলেন, “আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।