বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সকালে ‘রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশন’ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা।
নিহত মো. সৈকত (২৩) বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত মো. আলাউদ্দিন (৪৫) লাকুটিয়া গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভোরে ‘ইসলাম পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে উদ্ধার করে বাসটি মহাসড়কের পাশে রাখা হয়।
সকালে বরগুনা থেকে বরিশালের দিকে যাওয়ার পথে আলাউদ্দিন ওই বাসটি দেখতে থামেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্প-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।