বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগরীতে দীর্ঘদিন ধরে নতুন নোটের সংকটে ছেঁড়া, ফাটা ও ময়লা টাকা নিয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঈদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রিত টাকা ছাড়লেও তা বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে ফুটপাতে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে খোঁজ নিয়ে দেখা যায়, নগর ভবন ও জেলা পরিষদের মধ্যবর্তী চকবাজার সড়কের দক্ষিণ প্রান্তে রাস্তার দু’ধারে খোলা জায়গায় বসে নতুন নোট বিক্রি করছেন একাধিক ফড়িয়া। তাদের কাছে ৫, ১০ ও ২০ টাকার বান্ডিলে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিলেই নতুন নোট পাওয়া যাচ্ছে। এছাড়া ৫০, ১০০ ও ২০০ টাকার নতুন নোটও বিভিন্ন দামে বিক্রি হচ্ছে।
এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিলেও বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস-এর দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, নির্বাহী পরিচালক ঈদের ছুটির আগেই ছুটিতে রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের বরিশাল অফিসের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্থানীয় কিছু প্রভাবশালী কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নতুন নোট বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে ফুটপাতের ফড়িয়াদের কাছে চলে যেতে পারে। তার মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্পৃক্ততা ছাড়া এ ধরনের অনিয়ম সম্ভব নয়।
এদিকে বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিস থেকে নতুন নোটের সরবরাহ অত্যন্ত সীমিত। ঈদ উপলক্ষে চাহিদা বাড়লেও তারা প্রয়োজনীয় পরিমাণে নতুন নোট পাচ্ছেন না। ফলে গ্রাহকদের চাহিদা পূরণ করতে না পেরে তাদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে।
তারা আরও বলেন, একদিকে ব্যাংকে নতুন নোটের সংকট, অন্যদিকে খোলা বাজারে বেশি দামে বিক্রি—এ পরিস্থিতির কোনো ব্যাখ্যা তারা দিতে পারছেন না। এতে অন্যের অনিয়মের দায় তাদের ওপরই বর্তাচ্ছে বলে অভিযোগ করেন ব্যাংকাররা।
তবে বিষয়টি নিয়ে একাধিকবার চেষ্টা করেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।