উজিরপুর প্রতিনিধি: ড্রেজার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উজিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।
থানায় দেওয়া লিখিত অভিযোগে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, তিনি উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাটের ব্যবসা করেন। সম্প্রতি ছাত্রদল নেতা মনির সরদার তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রথমে ৫০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও ১০ হাজার টাকা দেওয়া হলেও বাকি টাকার জন্য চাপ দেওয়া হয়। গত শুক্রবার (১৩ মার্চ) মনির সরদারের নেতৃত্বে কয়েকজন তার লেবার আবু বক্করকে তুলে নিয়ে মারধর করেন। বর্তমানে তিনি আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ওসি রাকিবুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক হয়েছিলেন ছাত্রদল নেতা মনির সরদার। পরে মাদক মামলায় কয়েকদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হন।