বরিশালে প্রেমিকার লেন্স বদলানো নিয়ে বাকবিতণ্ডা, দেশীয় অস্ত্রসহ প্রেমিক আটক
- প্রকাশের সময়: 12:47:28 am, Wednesday, 11 March 2026
- / 406 Time View

বরিশাল প্রতিনিধি — বরিশাল নগরীর সদর রোড এলাকায় প্রেমিকার চোখের লেন্স পরিবর্তন করে না দেওয়াকে কেন্দ্র করে চশমার দোকানের এক কর্মচারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সদর রোড এলাকার চশমা বাজার নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে অভিযুক্ত যুবক সাফিনের প্রেমিকা ওই দোকান থেকে এক জোড়া কন্টাক্ট লেন্স কিনেছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি লেন্স পরিবর্তনের জন্য দোকানে আসেন। এ সময় লেন্স পরিবর্তনের নিয়ম ও শর্তাবলি নিয়ে দোকানের কর্মচারী রিপনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজিত হয়ে সাফিন দোকানে এসে কর্মচারী রিপনের সঙ্গে তর্কে জড়ান। পরে তিনি কোমরে লুকিয়ে রাখা একটি দেশীয় ধারালো দা বের করে হামলার চেষ্টা চালান।
এ সময় পাশের দোকানের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে সাফিনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে একটি ধারালো দা উদ্ধার করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে। তার কাছ থেকে একটি দেশীয় দা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

























