নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে চরমোনাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। ভোরে যাত্রী নামিয়ে ঘাটে নোঙর করে রাখা হয় ‘মানিক-৪’। পরে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ হেলে পড়ে এবং দুপুরের দিকে এটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, যাত্রী নামানোর পর লঞ্চটি ফাঁকা অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। লঞ্চমালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।