স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল নগরীসহ জেলার কয়েকটি উপজেলায় পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে এবং তিন নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর কীর্তনখোলা নদীর কেডিসি এলাকা থেকে শিশির (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তিনি গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, কয়েকদিন আগে নদীতে নোঙর করা একটি বাল্কহেড পাহারার দায়িত্বে ছিলেন শিশির। ২২ মার্চ নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে গৌরনদী উপজেলায় বিলকিস বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, তাকে নির্যাতনের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
অপরদিকে একই উপজেলার ভুরঘাটা গ্রামে পানিতে ডুবে সামিউল হাওলাদার ও মোহাম্মাদ মৃধা নামে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এছাড়া বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে সুমি আক্তার (২৪) নামে এক নারীর এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে সীমা আক্তার (২৫) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অধিকাংশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাগুলোর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।